গত বছরের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এই রায় আপলোড করা হয়।

এর আগে, গত ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেন। একই মামলার আরেক আসামি সাবেক আইজিপি মামুন বর্তমানে গ্রেফতার অবস্থায় রয়েছেন।

প্রসিকিউশন গত ১ জুন তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এতে মোট পাঁচটি অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে— ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ড, রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনা।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এসব অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। ওই দিন সাবেক আইজিপি মামুন গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন জানান। বর্তমানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।