আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণার মামলা, তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদন
ঢাকায় পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়ে পরে তা বাতিল করেও দর্শকদের টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া প্রতারণার অভিযোগে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন ‘মেইন স্টেজ ইনক’-এর সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান ও ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল এবং চেয়ারম্যান প্রমি ইসলাম। অভিযোগে বলা হয়, প্রয়োজনীয় সরকারি অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করেই আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে আতিফ আসলামের ঢাকায় কনসার্টের ঘোষণা দেন এবং টিকিট বিক্রি শুরু করেন। পরে অনুষ্ঠানটি পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে হওয়ার কথা জানানো হয়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
পরবর্তীতে নির্ধারিত সময়েও কনসার্ট না হওয়ায় দর্শকরা টাকা ফেরত চাইলে আসামিরা নানা অজুহাত দেখাতে থাকেন। এক পর্যায়ে ডিসেম্বরের ১২ তারিখ ফেসবুকে জানানো হয়, সরকারি অনুমতি না পাওয়ায় কনসার্টটি বাতিল করা হয়েছে এবং নির্বাচন শেষে আয়োজন করা হবে।
এরপরও টাকা ফেরত না দেওয়ায় বাদী ৪৮ ঘণ্টার সময় বেঁধে লিগ্যাল নোটিশ পাঠান। সাড়া না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। মামলায় দাবি করা হয়, কনসার্ট বাতিলের পরও অন্তত ৮৬ হাজার ৬৩২ টাকাসহ বহু দর্শকের টিকিটের অর্থ ফেরত না দিয়ে পরিকল্পিতভাবে আত্মসাৎ করা হয়েছে।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।











